পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা
যোগফল প্রতিবেদক:
রাজবাড়ীতে পরকীয়া সন্দেহের জেরে ১৪ বছর বয়সী কিশোর ওমর আলীকে অপহরণ, নির্যাতন ও হত্যার ঘটনায় মো. নজরুল ইসলাম (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে ৫০ হাজার টাকার চুক্তিতে ওমরকে হত্যার চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
গ্রেপ্তার নজরুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের নুর ইসলামের ছেলে।
পিবিআই জানায়, ২০২১ সালের ৪ জানুয়ারি বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের একটি ঘাসের ক্ষেত থেকে কিশোর ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৫ জানুয়ারি নিহতের বাবা আহেদ আলী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার ফরিদপুর পিবিআইয়ের ওপর ন্যস্ত হয়।
পিবিআই পুলিশ সুপার জানান, টানা পাঁচবার অভিযান চালিয়েও নজরুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ অক্টোবর রাতে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে পিবিআই জানতে পারে, প্রতিবেশী দুই গৃহবধূর সঙ্গে কিশোর ওমরের পরকীয়া ও শারীরিক সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ তৈরি হয়েছিল। এ নিয়ে ক্ষোভ থেকে একটি চক্র ওমরকে হত্যার পরিকল্পনা করে। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে তাকে হত্যার চুক্তি করা হয় বলে পিবিআই জানিয়েছে।
পিবিআইয়ের তথ্যমতে, পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ১ জানুয়ারি রাতে ওমরকে ধরে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত-পা গায়ের জামা দিয়ে বেঁধে একটি বাথরুমে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে ২ জানুয়ারি দিবাগত রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘাসের ক্ষেতে ফেলে রাখা হয়।
পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডে মোট পাঁচজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে অর্থদাতাদের নাম প্রকাশ করা হয়নি।
গ্রেপ্তার নজরুল ইসলামের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন